বৃষ্টি ও জলাবদ্ধতায় অচল ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০৯ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সকাল থেকেই টানা বৃষ্টিতে রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা ও যানজট। ফলে দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী, শ্রমজীবী ও সাধারণ মানুষ।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে পানি জমে যায়। এর মধ্যে মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও–জাহাঙ্গীর গেট রুট, ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি ও কালশী এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

আরও পড়ুন: এবার দুর্গাপূজায় মিলছে টানা ছুটি, কারা কতদিন পাবেন?

কোথাও কোথাও পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও অনেক এলাকায় এখনো স্থবিরতা বিরাজ করছে। এতে সড়কে যানবাহন চলছে ধীরগতিতে।

মহাখালী এলাকার সিএনজিচালক হাবিবুর রহমান বলেন, সকাল থেকে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যাত্রী কমে গেছে, ট্রিপও কম পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: পাইকপাড়াসহ আশপাশের এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গুলশানের চাকরিজীবী এহসানুল হক বলেন, “ছাতা নিয়ে অফিসে আসতে হয়েছে, কিন্তু রাস্তায় পানি ও বৃষ্টির কারণে ভোগান্তি হয়েছে।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের কাজ চলছে। পাশাপাশি কমলাপুর পাম্প স্টেশন সক্রিয় করে পানি অপসারণ করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে বিকেল বা সন্ধ্যায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে এবং বজ্রসহ দমকা হাওয়া বইতে পারে।

একই সঙ্গে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।