রামপুরায় বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মূল আসামি গ্রেফতার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ন, ২১ মে ২০২৬ | আপডেট: ১২:০১ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি মোঃ শিহাব হোসেন (১৯)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে পাবনা জেলার বেড়া থানাধীন খাকছাড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

রামপুরা থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে রামপুরা থানার বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে ১০ বছর বয়সী শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ গামছা প্যাঁচানো অবস্থায় মৃত্যুবরণ করে।

ঘটনার খবর পেয়ে রামপুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সুরতহাল প্রতিবেদনে মরদেহে অস্বাভাবিক যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ আরও জানায়, মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত শিহাব হোসেন এর আগেও মাদ্রাসার অন্তত আরও চারজন শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক অনৈতিক ও অস্বাভাবিক আচরণের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নিহত শিক্ষার্থীর মা মোছাঃ টুকু আরা খাতুন বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।