ঢাকাজুড়ে কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত সিটি করপোরেশনের কর্মীরা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ৬:৩১ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। ঈদের আনন্দের পাশাপাশি নগরী পরিচ্ছন্ন রাখতে মাঠপর্যায়ে কাজ করছেন হাজারো পরিচ্ছন্নতাকর্মী।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় একযোগে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখা যায়।

আরও পড়ুন: তানযীমুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ও লালবাগ এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলি ঘুরে দেখা গেছে, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা পিকআপ ভ্যান ও ঠেলাগাড়ির মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ করছেন। পরে এসব বর্জ্য ছোট যানবাহন থেকে বড় ডাম্পিং ট্রাকে স্থানান্তর করে নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নেওয়া হচ্ছে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহার পবিত্রতা রক্ষা এবং পরিবেশ দূষণ প্রতিরোধে নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ নিশ্চিত করতে কাজ চলছে। এ কার্যক্রম তদারকিতে মাঠে রয়েছেন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

আরও পড়ুন: ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এবার বর্জ্য অপসারণের গতি আগের চেয়ে ভালো। নির্ধারিত সময়ের মধ্যেই নগরীর বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নগর কর্তৃপক্ষ নাগরিকদেরও পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়েছে। বিশেষ করে পলিথিন ব্যাগ ব্যবহার, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশসম্মত উপায়ে কোরবানি সম্পন্ন করার বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

সিটি করপোরেশনের তথ্যমতে, ঢাকায় এ বছর প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে। এতে প্রায় ৫৪ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত এসব বর্জ্য অপসারণে কাজ করছেন প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের ছুটির মধ্যেও নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন সিটি করপোরেশনের কর্মীরা। দ্রুত পুরো শহর বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তারা।