ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসির মোবাইল কোর্ট অভিযান, ২৪ মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা
রাজধানীর ধানমন্ডি, মিরপুর রোড ও হাতিরপুল এলাকার কাঁচাবাজারে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং অবৈধ দখলমুক্তকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে মোট ২৪টি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২০ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১ এর আওতাধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন: ভোরের ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, মাঠে ডিএসসিসির টিম
ডিএসসিসি সূত্রে জানা যায়, ১৮ নম্বর ওয়ার্ডের সায়েন্স ল্যাবরেটরি সংলগ্ন এলাকা, হাউস নম্বর-১, রোড নম্বর-২ এবং ধানমন্ডি-মিরপুর রোডের উভয় পাশের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করার দায়ে তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: মিরপুরে চলন্ত বাসে আগুন
সব মিলিয়ে দিনের অভিযানে ২৪টি মামলার মাধ্যমে মোট ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
অভিযান চলাকালে ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





