পল্লবী থানা থেকে সাজাপ্রাপ্ত আসামির পলায়ন
রাজধানীর পল্লবী থানা থেকে ডিএমপি প্রসিকিউশনের দুই মাসের সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পলাতক আসামির নাম মো. শহিদুল ইসলাম (২০)। তিনি ভাষানটেক থানার আবুলের পোড়া বস্তির বাসিন্দা মতিন মিয়ার ছেলে। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আইলাসমিতি এলাকায়।
আরও পড়ুন: গুলশান চত্বরে গাছ কেটে রাস্তার উপর এলইডি সাইন স্থাপনে দুর্ঘটনার আশঙ্কা
সূত্র জানায়, ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে পরিচালিত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভাষানটেক থানার একটি মামলায় (ডিএমপি অধ্যাদেশের ৭৭/১০০ ধারা) শহিদুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানা গেছে, মিরপুর বিভাগের কাফরুল, ভাষানটেক, রূপনগর ও শাহআলী থানার ডিএমপি অধ্যাদেশে সাজাপ্রাপ্ত আসামিদের অস্থায়ীভাবে পল্লবী থানার হাজতে রাখা হয়। ঘটনার দিন মিরপুর মডেল থানার স্কট পার্টি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়ার জন্য শহিদুলকে পল্লবী থানার হাজতখানা থেকে হাতকড়া পরিয়ে প্রিজন ভ্যানের কাছে নিয়ে আসে।
আরও পড়ুন: বিশ্বকাপের উন্মাদনায় কালশী বস্তিতে আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’, অংশ নিল সুবিধাবঞ্চিত শিশুরা
অভিযোগ রয়েছে, এ সময় তিনি কৌশলে হাতকড়া খুলে পল্লবী থানার সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, থানা থেকে সাজাপ্রাপ্ত আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার ঘটনাটি অস্বীকার করেছেন।





