বাড্ডায় ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৯ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুলের ওই ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরও পড়ুন: উত্তরার হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পরে পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ফলে পূর্বাচল থেকে রওনা হওয়া ইউনিট দুটিকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রাস্তা থেকে ফিরে যেতে বলা হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

আরও পড়ুন: জিরো পয়েন্ট-বঙ্গভবন এলাকায় ডিএসসিসির অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা