ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মিনা বাজারের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম।

আরও পড়ুন: চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজে শনাক্ত ছিনতাইকারী গ্রেপ্তার

পুলিশ জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে এবং বিস্ফোরণের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী, তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাস্থলটি ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার সীমান্তবর্তী এলাকায় পড়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন: বারিধারায় নির্মাণশ্রমিক নিহত, গাড়ির চালকের আসনে কিশোর থাকার দাবি

এদিকে একটি সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য সেখানে জড়ো হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন। তবে পুলিশ এখনো এ দাবির সত্যতা নিশ্চিত করেনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।