রাড্ডা ক্লিনিকে ফিরল নিজস্ব সাইনবোর্ড, শুরু হয়েছে সংস্কার কাজ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার কয়েকদিন পর প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় স্থাপন করা হয়েছে। হামলার পর সেখানে লাগানো অন্য একটি সাইনবোর্ডও সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক সংশ্লিষ্টরা হামলার পর স্থাপন করা সাইনবোর্ডটি খুলে ফেলেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় টাঙানো হয়।
আরও পড়ুন: রাড্ডা ও সালমানের স্টুডিওতে হামলা, ফের আলোচনায় বিএনপির দখল-চাঁদাবাজি
এদিকে হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ক্লিনিকটিতে সংস্কারকাজও শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কর্মীরা কাজ করছেন। তবে এ কারণে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়ে প্রয়োজনীয় কার্যক্রমও চালিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর প্রতিষ্ঠানটির জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।





