সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিজিএফআইয়ের (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দালাল আটক, পুলিশের নিকট হস্তান্তর

সূত্র জানিয়েছে, মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এক-এগারো সরকারের সময় রাজনৈতিক নেতাদের নির্যাতনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় ছিল বলে জানা গেছে।

এর আগে, এক-এগারো সময়ের আরও দুই সাবেক সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ—ডিবির হাতে গ্রেপ্তার হন এবং বর্তমানে রিমান্ডে রয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: পুলিশের ওপর সশস্ত্র হামলা: ‘কবজিকাটা আনোয়ার’ চক্রের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৬

পেশাগত জীবনে আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। ২০০৯ সালের ৫ নভেম্বর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেন তিনি।