সোনার দামে বড় পতন, দুই দিনে ভরিতে কমল ১৭ হাজার টাকা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৩ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। টানা নবমবারের মতো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মাত্র দুই দিনে ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম কমেছে ১৭ হাজার ১৪৬ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হবে।

আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে গার্মেন্টস বাজার হারানোর শঙ্কা

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও মান অনুযায়ী নির্ধারিত মজুরি পরিশোধ করতে হবে ক্রেতাদের।

আরও পড়ুন: টানা আটবার কমল স্বর্ণের দাম

এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নয় দফায় সোনার দাম কমানো হয়েছে। সর্বশেষ দুই দফার মূল্যহ্রাসেই ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ১৭ হাজার ১৪৬ টাকা।

দাম কমার ধারাবাহিকতা শুরুর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। নতুন দাম অনুযায়ী, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। অর্থাৎ আগের দামের তুলনায় প্রতি ভরিতে কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। দেশের বাজারে প্রায় ১৩ মাস আগে সোনার দাম এমন পর্যায়ে ছিল।