দাম কমলো কাঁচা মরিচের, কেজি এখন ২০০ টাকা

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৩ | আপডেট: ১২:২৯ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৩
কাঁচা মরিচ। ছবি: সংগৃহীত
কাঁচা মরিচ। ছবি: সংগৃহীত

বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। ভারত থেকে আমদানির পরেই রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে দাম কমতে শুরু করল এই নিত্যপণ্যটির। ইতোমধ্যে পাইকারি দরে কেজিতে দাম নেমে এসেছে ১৫০ থেকে ২২০ টাকার মধ্যে। খুচরা পর্যায়ে আড়াইশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

সোমবার (৩ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন: সারা দেশে দুই বন্ধ থাকবে এলপিজি গ্যাসের দোকান

সরেজমিনে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। যেখানে গতকাল কাওরান বাজারে কেজিতে বিক্রি হয়েছিল ৩৫০ থেকে ৪০০ টাকায়। কিছুদিন আগেও দাম উঠেছিল ৬০০ টাকায়।

গত মঙ্গলবার (২৭ জুন) থেকে শনিবার পর্যন্ত পাঁচদিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। প্রথম দিনেই ৬টি ট্রাকে ৬০ টন কাঁচা মরিচ বাংলাদেশে ঢুকেছে। পর্যায়ক্রমে আরও কাঁচা মরিচ আসবে।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মরিচের দাম আরও কমে আসতে পারে। আজ থেকেই কাঁচা মরিচের কেজি ১৪০-১৫০ টাকায় বিক্রি হতে পারে।

সম্প্রতি মাত্র কয়েকটা দিনের ব্যবধানে দেশে কাঁচা মরিচের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচ ৮০০ থেকে ১ হাজার টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গতকাল সকালে কাঁচা মরিচ ভর্তি ছয়টি ভারতীয় ট্রাক দেশে আসে। আমদানি করা এই কাঁচা মরিচের প্রতি কেজির দাম পড়ছে ৪৯ থেকে ৫০ টাকা।