গভর্নরের পদত্যাগের দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ ও তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
একপর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন। তাদের বিক্ষোভে প্রথমে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান সাদা কাগজে সই করে পদত্যাগ করেন।
আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর
বিক্ষুব্ধ কর্মকর্তা–কর্মচারীরা এরপর একে একে ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. খুরশীদ আলম ও মো. হাবিবুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। তারাও পদত্যাগ করেছেন বলে কাগজে সই করেন। পরে ব্যাংকের উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাসকে পদত্যাগ করতে বলেন।
বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন তারা।
আরও পড়ুন: আবারও এক লাফে বাড়ল সোনার দাম
বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করেন। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তারা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে অবস্থান নেন।





