বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪১ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বেপজা ইজেড) নতুন একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করতে ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড। আজ সোমবার (৯ ডিসেম্বর ২০২৫) ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও প্রতিষ্ঠানটির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানে ৩,১৫৮ জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হবে। উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) নারী, পুরুষ ও শিশুদের জন্য বার্ষিক ১.৫৬ মিলিয়ন পিস টপস, টি-শার্ট, ট্রাউজার, সর্টস এবং ৪.০১ মিলিয়ন পিস জ্যাকেট, প্যান্ট ও সর্টস উৎপাদন করবে।

আরও পড়ুন: ২ কোটি লি. সয়াবিন তেল আনছে সরকার: টিসিবি বিক্রি করবে ১৭৯ টাকা

বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে মহাব্যবস্থাপক মি. লি কিংকি চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাক্ষর কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান উইং তাই গার্মেন্টসকে স্বাগত জানিয়ে ব্যবসা পরিচালনায় পূর্ণ সহায়তা ও ব্যবসাবান্ধব পরিবেশ প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: তিন দফা বৃদ্ধির পর কমলো জেট ফুয়েলের দাম

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, সমীর বিশ্বাস, এ.এস.এম. আনোয়ার পারভেজ, মো. ফজলুল হক মজুমদারসহ বেপজার উচ্চপদস্থ কর্মকর্তারা এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।