১২ ঘণ্টার মধ্যেই কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ৫৮ হাজার টাকা
দেশের সোনার বাজারে অল্প সময়ের ব্যবধানে দামের বড় ওঠানামা দেখা গেছে। দাম বাড়ানোর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই আবার সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত প্রায় পৌনে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, সংশোধিত এই মূল্য রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। নতুন দামে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, যা এর আগে ছিল প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম
বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার কারণে স্থানীয় বাজারেও সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী ২১ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি রাখা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
অন্যদিকে, সোনার দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকায় অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন: দেশের বাজারে কমল স্বর্ণের দাম
এদিকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যমতে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬ ডলারে, যা আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার।
গত মাসের শেষদিকে বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান দেখা যায়। বিশেষ করে ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়, ফলে দেশে এক ভরি সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল।





