পটুয়াখালীতে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা, আহত বৃদ্ধা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার তাফালবাড়ী গ্রামে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে জয়বানু (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহত জয়বানু।
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’
আহত জয়বানুর অভিযোগ, দীর্ঘদিন বাড়িতে না থাকার সুযোগে তার দেবররা তার প্রায় ১৯ শতক জমি দখল করে নিয়েছেন। দীর্ঘদিন ঢাকায় থাকার পর বাড়িতে ফিরে জমি ফেরত চাইলে নানা সময় তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত জমিটি তিনি বুঝে পাননি। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশও হয়েছে বলে জানান তিনি।
জয়বানুর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে সুলতান খাঁ ও সিদ্দিক খাঁ দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করেন। এতে তার মাথা ও চোখে আঘাত লাগে। একপর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যায় বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: গাকৃবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ
পরে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
জয়বানু বলেন, দীর্ঘদিন ধরে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন তিনি। নিজের জমিটুকু ফিরে পেলে সেখানে একটি ঘর নির্মাণ করে ছেলে-মেয়েদের নিয়ে জীবনের শেষ সময়ে নিজ বাড়িতে থাকতে চান।
তিনি আরও জানান, এ ঘটনা নিয়ে এর আগেও ধর্ষণচেষ্টার অভিযোগ এবং অবৈধভাবে গাছ কেটে নেওয়ার ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে।
বৃদ্ধার ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জয়বানু তার প্রাপ্য জমি দখলমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতা কামনা করেছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহত জয়বানু।





