বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
মার্কিন ডলারের দরপতনের প্রভাবে বিশ্ববাজারে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আবারও বেড়েছে স্বর্ণের দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের আসন্ন মূল্যস্ফীতির তথ্যের দিকে সতর্ক নজর রাখছেন বিনিয়োগকারীরা। এই তথ্যের ওপর নির্ভর করছে ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত, যা স্বর্ণের বাজারের গতিপথেও প্রভাব ফেলতে পারে। রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টা ১৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৪ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়।
তবে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর সামান্য কমেছে। এ দর নেমে এসেছে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৭ দশমিক ২০ ডলারে।
আরও পড়ুন: আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার
বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে বিনিয়োগকারীদের প্রধান নজর যুক্তরাষ্ট্রের নতুন মূল্যস্ফীতির পরিসংখ্যানের দিকে। মূল্যস্ফীতির তথ্য ফেডারেল রিজার্ভকে সুদের হার কমানো কিংবা বর্তমান অবস্থায় রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে। সুদের হারের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে স্বর্ণের দামেও।
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: দাম বাড়ল সিগারেটের
এর আগে গত ৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ৩ হাজার ৩২৪ টাকা কমেছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে দেশের বাজারে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
বিশ্ববাজারে ডলারের মূল্য, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এবং ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত—এই তিনটি বিষয় সামনে রেখে স্বর্ণের বাজারে আগামী দিনগুলোতে নতুন ওঠানামা দেখা দিতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।





