গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সংযোগ জোরদারে ঢাবি-ঢাকা ডক্ল্যাবের সমঝোতা
পেশাদার গণমাধ্যম কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে পারস্পরিক সংযোগ জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকা ডক্ল্যাবের পরিচালক তারেক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: ইবি ডিবেটিং সোসাইটির সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ, হল শাখার ওয়াকআউট ও উদ্বেগ
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ এবং ঢাকা ডক্ল্যাবের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা ও সৃজনশীল কাজের সুযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষাবিদ, চলচ্চিত্র নির্মাতা, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময় সহজতর করা হবে।
আরও পড়ুন: সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর
এ ছাড়া তথ্যচিত্র, নন-ফিকশন ও অডিও-ভিজ্যুয়াল চর্চার বিভিন্ন ক্ষেত্রে কর্মশালা, ল্যাবরেটরি, মাস্টারক্লাস, স্বল্পমেয়াদি পেশাগত কর্মসূচি এবং দক্ষতা বৃদ্ধিমূলক উদ্যোগ নেওয়া হবে।
সমঝোতার আওতায় টেলিভিশন, চলচ্চিত্র, আলোকচিত্র ও সংশ্লিষ্ট সৃজনশীল শিল্পখাতে গবেষণা, দক্ষতা উন্নয়ন, মেন্টরশিপ এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তুলতেও সহযোগিতা করা হবে। পাশাপাশি শিক্ষার্থী ও উদীয়মান পেশাজীবীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পেশাজীবীদের সঙ্গে কাজ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশে অডিও-ভিজ্যুয়াল শিক্ষা ও পেশাগত চর্চার উন্নয়ন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর বিকাশে পারস্পরিক লাভজনক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নও এই সমঝোতার অন্যতম লক্ষ্য।





