‘মরে গেলেই ভালো হতো’: চবির বিজয়-২৪ হলে র্যাগিংয়ের অভিযোগ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে এক নারী শিক্ষার্থীকে আটকে রেখে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই হলের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর রুমমেটরা উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে (চবি মেডিকেল) নিয়ে যায়।
অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া। তাঁরা সবাই ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সেমিনার, স্বাক্ষরিত ১,৫০০টির বেশি সমঝোতা স্মারক
অভিযোগ অনুযায়ী, গতকাল রাতে বিজয়-২৪ হলের একটি কক্ষে ভুক্তভোগী শিক্ষার্থীকে আটকে রাখা হয়। এ সময় কক্ষের দরজা বন্ধ করে তাঁর সঙ্গে র্যাগিং করা হয় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, "২৩ তারিখ রাত আনুমানিক ১০টায় আমাকে মিতানুর আপু ডেকে নিয়ে যায় রুম থেকে। আমার মাকড়সার ফোবিয়া আছে, তা ওরা জানে। তাদের ব্যবহার দেখে আমি ধারণা করেছিলাম যে এমন কিছু হতে পারে। আমি তাই বারবার জিজ্ঞেস করলেও তারা অস্বীকার করে যে এমন কিছু না। এরপর তারা আমাকে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। সেখানে তাহরিমা আপু, সামিয়া আপু আগে থেকেই অপেক্ষা করছিল। তারা আমার সামনে আগে থেকে আটকে রাখা বড় মাকড়সা ছেড়ে দেয়। আমি ভয়ে চিৎকার করতে থাকি এবং কান্না করতে থাকি। তারা তা নিয়ে হাসিঠাট্টা করে এবং অনেক ধরনের টিটকারিমূলক কথা বলতে থাকে। কিছুক্ষণ পর আমি সবাইকে পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে যাই এবং এরপর আমি অনেক অসুস্থ হয়ে যাই, চারবার বমি করি, যার কারণে রাতেই শারীরিক অবনতির জন্য আমার রুমমেটরা আমাকে মেডিকেলে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে ওষুধ দেন। আপাতত আমি চিকিৎসাধীন আছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। ঘটনার পরবর্তীকালে তারা 'মরে গেলেই ভালো হতো' এই ধরনের কথা বলে বেড়াচ্ছে এবং আমার রুমমেটরাও তা শুনেছে। আমি হলে নিজেকে নিরাপদ মনে করছি না। তারা থাকলে আমি হয়তো নিরাপত্তার জন্য হল থেকে চলে যাওয়ার ডিসিশন নিতে বাধ্য হতে পারি।"
আরও পড়ুন: এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোনালিসা মিতা নূর বলেন, "জি, আমরা প্রক্টর স্যারের সাথে কথা বলেছি, আপনি একটু আগে আমার রুমমেটকে কল দিয়েছেন, আর আপনি যাকে কল দিয়েছেন সে এটাতে ইনভলভই ছিল না, যা প্র্যাঙ্ক আমরা করেছি সেটা হলো আমি আর আমার ফ্রেন্ড সামি। আমার মতবাদ হলো আমরা জাস্ট ফান করছি জিনিসটা, কারণ ও ভয় পায়, এটা জেনেই আমরা জাস্ট ফান করছি।"
অভিযুক্ত তাহরিমা আক্তার ওমি বলেন, "সরি, এ ব্যাপারে আমি ইনভলভ না, ওর সাথে আমরা একটু মজা করেছি, এ ব্যাপারে আমাদের প্রক্টর স্যার আছেন, ওনার সাথে আমরা কথা বলেছি অলরেডি, ব্যাপারটা সলভের দিকে যাচ্ছে। আমরা ওর কাছে গেছিলাম, ওর অবস্থা আসলেই খারাপ ছিল, কিন্তু ব্যাপারটা এত বড় হবে অ্যাকচুয়ালি এটা আমরা ধারণাই করতে পারি নাই এবং ও যখন ভয় পাইছে, আমরা তখন কনসোলও করছি।"
এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. ফিরোজা আক্তার খানম গণমাধ্যমকে বলেন, "এ ব্যাপারে দুই পক্ষকেই ডেকেছি এবং এটার সলিউশন করে আমি আপনাকে বলতে পারব।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন গণমাধ্যমকে বলেন, "যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাদের ডাকব।"





