‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দেওয়া তরুণী মাইলস্টোন কলেজের বর্তমান ছাত্রী নন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৬:২২ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত রুবাইয়া মেহজাবিন সূহি (ইবান) বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতিষ্ঠানটি।

মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে জিডিটি দায়ের করেন। জিডির নম্বর ৯০৫।

আরও পড়ুন: চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে হাটহাজারীতে বন্যাদুর্গতদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ

জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সূহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে মাইলস্টোন কলেজের (কলেজ কোড-৮০৭৪) ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতি সাপেক্ষে তাকে পূর্বেই ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করা হয়েছে। ফলে বর্তমানে তার সঙ্গে মাইলস্টোন কলেজের কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারেরও কোনো আইনগত অধিকার নেই।

অভিযোগে আরও বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই তরুণীকে মাইলস্টোন কলেজের পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্র-সংক্রান্ত আন্দোলনে বক্তব্য দিতে দেখা যায়। কলেজের দাবি, তিনি বর্তমানে তাদের শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

আরও পড়ুন: জহুরুল হক হলে বসছে ৪৮ সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা জোরদারের উদ্যোগ

এ পরিস্থিতিতে কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন।

তুরাগ থানা পুলিশ জানিয়েছে, জিডিটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সাব-ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম রানাকে দেওয়া হয়েছে।