জকসুর ২৩ কেন্দ্রের ফল প্রকাশ: শীর্ষ ৩ পদেই এগিয়ে শিবির সমর্থিত প্যানেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ২৩টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেছে। সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। এর আগে ২০টি কেন্দ্রের ভোট গণনার ফলাফলে ছাত্রদল-ছাত্র অধিকার সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব এগিয়ে ছিলেন। নতুন তিনটি কেন্দ্রের ভোটের ফলাফলে এলো এই নাটকীয় পরিবর্তন।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় সর্বশেষ গণিত, ইসলামিক স্টাডিজ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
আরও পড়ুন: চবিতে ফ্যাসিস্ট আমলের কর্মকর্তার বিতর্কিত পদোন্নতি, প্রশ্নের মুখে প্রশাসন
মোট ২৩টি কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২,৮১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ২,৬৯১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১২৮।
জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন মোট ২,৯৮২ ভোট এবং ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা পেয়েছেন ১,২১৩ ভোট। এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ২,৬৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২,৩২০ ভোট।
আরও পড়ুন: নরসিংদীসহ সারাদেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে জবিতে বিক্ষোভ
শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির–সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সেমিনার এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এখনো এগিয়ে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল–সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে জকসু নির্বাচন শুরু হয়ে প্রাথমিকভাবে বিকাল তিনটা পর্যন্ত চলে। এরপর সাড়ে ৩টা পর্যন্ত সময় বাড়ানো হয়। একইসাথে লাইনে দাঁড়িয়ে থাকা সকলের ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। জকসু নির্বাচনের ভোট গণনায় যান্ত্রিক ত্রুটির কারণে ৫ ঘণ্টা স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় প্রথম ফল ৪টি কেন্দ্রের ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে শুরু হয় ভোটের ফল প্রকাশ।





