ঢাবি জয়নুল গ্যালারিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ শীর্ষক তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:১২ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে ‘আর্ট ফর ইক্যুয়ালিটি’ শীর্ষক তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী বুধবার (২১ জানুয়ারি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উদ্বোধন শেষে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ওসমান জামাল মিলনায়তনে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও প্রদর্শনীর কিউরেটর ড. শেখ মনির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান, প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল (Joris van Bommel), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস (Kabita Bose) এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান করভি রাখসান্ড (Korvi Rakshand)। অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের হিউম্যান রাইটস, হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স এবং জেন্ডার বিষয়ক ফার্স্ট সেক্রেটারি ইয়ান সুইলেন্স উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনীর সহযোগী কিউরেটর ও বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে।

আরও পড়ুন: ঢাবির ফলাফল ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ, তদন্তে আইসিটি বিভাগ

প্রদর্শনীতে দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের ৯০ জন শিক্ষক, শিক্ষার্থী ও খ্যাতিমান শিল্পীর ৯০টি শিল্পকর্মের পাশাপাশি একটি ডিজিটাল ক্যাটালগ প্রদর্শিত হচ্ছে। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ১০ জন শিল্পীকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাদিয়া ইয়াসমিন, দেবাজ্যোতি বর্ষণ, মোছা. মোমেনুন নেছা সুরমা, নিহা রানী দাস ও সোমা সুরভী জান্নাত; ঢাকা আর্ট কলেজের মো. সাজ্জাদুর রহমান সিহান ও ঐশী চাকমা; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম আহমেদ; শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সাইম আহমেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফারিহা খান।

২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: ঢাবি-চীনের এসসিএসআইও’র মধ্যে সমঝোতা স্মারক সই, সামুদ্রিক গবেষণায় জোরদার সহযোগিতা