এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন কার্যক্রম উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন: কাপাসিয়ার কৃতিসন্তান আক্তারুজ্জামান ফরিদ ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান

শিক্ষামন্ত্রী বলেন, “এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কেও কথা বলেন তিনি। মন্ত্রী জানান, জাতীয় শিক্ষাক্রম পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছর শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের সঙ্গে টিকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে অতীতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও সরকারের রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।