শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (এইচএসপি) ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে যাচাই বা ‘ভ্যালিডেশন’ করার নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২০ জুনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত হতে পারে। বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের জারি করা এক অফিস আদেশে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যারে অন্তর্ভুক্ত যেসব শিক্ষার্থীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশসহ অন্যান্য) এখনও অভিভাবকের এনআইডির মাধ্যমে যাচাই করা হয়নি, তাদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে সংশোধন করতে হবে।
আরও পড়ুন: জাতীয় কবি’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
এ উদ্দেশ্যে সফটওয়্যারের ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ অপশন বুধবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নম্বর সংরক্ষিত রয়েছে, সেই একই এনআইডি দিয়ে উপবৃত্তির জন্য ব্যবহৃত সিম নিবন্ধিত থাকতে হবে। পাশাপাশি একই এনআইডি ব্যবহার করে সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টও খোলা থাকতে হবে।
আরও পড়ুন: গবেষণায় অবদানের স্বীকৃতি, ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশন সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।





