রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় ঢাবি শিক্ষার্থীর সাফল্য

Sanchoy Biswas
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৪৯ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতা ‘KARTINA MIRA’-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষার্থী অরনী হোসেন অথৈ-এর আঁকা ‘The Craftsman’ শীর্ষক চিত্রকর্ম সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাশিয়ার সামারা শহরে তরুণ শিল্পীদের অংশগ্রহণে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের জমা দেওয়া মোট ১ হাজার ৬৫৩টি চিত্রকর্মের মধ্যে অরনী হোসেন অথৈ-এর কাজটি সেরা হিসেবে নির্বাচিত হয়।

আরও পড়ুন: জাতীয় কবি’র ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

গত ২৪ জুন রাশিয়ার স্টেট ট্রেটইয়াকোভ গ্যালারিতে আয়োজিত এক অনুষ্ঠানে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিকোলাই মিখাইলোভিচ ক্রোপাচেভ অরনী হোসেন অথৈ-এর হাতে সনদ ও সম্মাননা তুলে দেন।

রোববার (৫ জুলাই) অরনী হোসেন অথৈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান উপাচার্য।

আরও পড়ুন: গবেষণায় অবদানের স্বীকৃতি, ঢাবির ৬২ শিক্ষক-গবেষককে সম্মাননা

উপাচার্য বলেন, অরনী হোসেন অথৈ-এর এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।