এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১০:১১ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে না পারা এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পুনঃপরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাই-এর মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। শনিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের যেসব পরীক্ষার্থী বৈরি আবহাওয়ার কারণে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

আরও পড়ুন: ঢাবি রোকেয়া হলে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে ‘চির-উন্নত মম শির’ সাংস্কৃতিক আয়োজন

এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত কিন্তু পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীরাও একই নির্দেশনার আওতায় থাকবেন।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলোকে নিবন্ধিত শিক্ষার্থীদের তথ্য ৩০ জুলাইয়ের মধ্যে নিজ নিজ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চাঁবিপ্রবি উপ-উপাচার্য হলেন জবি অধ্যাপক লোকমান হোসেন

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষার্থী, পরীক্ষাকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।