ঢাবিতে বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৪৯ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের উদ্যোগে বাংলা কিউআর (Bangla QR) বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাকছুদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান।

আরও পড়ুন: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, পরীক্ষা নয়

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলা কিউআর নিরাপদ ডিজিটাল লেনদেন ও ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য পেমেন্ট সেবাদাতার মধ্যে সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল পেমেন্ট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে।

এ সময় বাংলা কিউআর বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান উপাচার্য। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসতে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ডগরতলির জলে ভেসে প্রকৃতির সান্নিধ্যে

অনুষ্ঠানে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা ও আন্তঃপরিচালনযোগ্য (Interoperable) ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া লাইভ ট্রানজেকশন প্রদর্শনী, সচেতনতামূলক উপস্থাপনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।