এসএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও মেয়েদের সাফল্য ছেলেদের তুলনায় বেশি। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের ফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে উভয় সূচকেই এগিয়ে রয়েছে ছাত্রীরা।

এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ পয়েন্ট।

আরও পড়ুন: এসএসসির ফলাফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

শুধু পাসের হার নয়, জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও মেয়েদের সাফল্য বেশি। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র। ফলে ছেলেদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণেও একই চিত্র পাওয়া গেছে। এসব বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে ৮ দশমিক ১৮ শতাংশ পয়েন্ট।

আরও পড়ুন: আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফলেও মেয়েদের পাসের হার বেশি। এই বোর্ডে ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ। সেখানে ব্যবধান ৮ দশমিক ২৫ শতাংশ পয়েন্ট।

কারিগরি শিক্ষা বোর্ডে ছেলে ও মেয়েদের পাসের হারের ব্যবধান আরও বেশি। এ বোর্ডে ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ১৪ শতাংশ। বিপরীতে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ। অর্থাৎ কারিগরিতে পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে ১৬ দশমিক ৭০ শতাংশ পয়েন্ট।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হারও কমেছে। ২০২৫ সালে দেশের গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার তা কমে হয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। ২০২৫ সালে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে।

তবে সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, পাসের হার এবং জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এবার ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য স্পষ্টভাবে বেশি। ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলে কোনো বোর্ডেই এই দুই সূচকে মেয়েদের পেছনে ফেলতে পারেনি ছেলেরা।