স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:১৫ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে নতুন এ পদ্ধতি অনুসরণ করা হবে।

ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নীতিমালাটি শিগগির শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর তা চূড়ান্ত করে নীতিমালা আকারে জারি করা হবে। নতুন পদ্ধতি অনুযায়ী আগামী ডিসেম্বরেই ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খসড়া নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে।

এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। ওই মেধাতালিকা অনুযায়ী বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু

মাউশির মাধ্যমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ১০০ নম্বরের এ ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্বাচন করা হবে।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি নিয়ে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে। তবে এর চূড়ান্ত অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদনের পর নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

নীতিমালা চূড়ান্ত হলে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের নতুন পদ্ধতি কার্যকর হবে।