৯ এপ্রিল ভোট
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলেই দুই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ জানিয়েছিলেন, বৈশাখের আগেই—অর্থাৎ ১৪ এপ্রিলের মধ্যে—দুই আসনের ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একই সঙ্গে ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচিত হন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একাধিক আসনে বিজয়ী হলে একটি আসন ছেড়ে দিতে হয়। সে নিয়মে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে সেখানে উপ-নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ইসিতে বড় রদবদল: ১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি
অন্যদিকে, শেরপুর-৩ আসনে গত ৩ ফেব্রুয়ারি জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হলে ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর উপধারা (১) অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। আইন অনুযায়ী, মৃত প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশনের কাছে বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে।
আরও পড়ুন: তফসিলের অপেক্ষায় সিটি নির্বাচন: ইসি আনোয়ারুল ইসলাম
প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন এবং পরবর্তীতে কমিশন নতুন তফসিল ঘোষণা করে। শেরপুর-৩ আসনের ক্ষেত্রেও একই বিধান অনুসরণ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে পূর্বে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল, তাদের পুনরায় মনোনয়ন দাখিল করতে হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যেই ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের সময়সূচি নির্ধারণ করা হবে।
এদিকে রাজনৈতিক দলগুলোও উপ-নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু করেছে। বৈশাখের আগেই দুই আসনে ভোট সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রতিনিধিত্বের শূন্যতা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





