১৬ ও ১৭ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:২৬ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা ৫ অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এনআইডি নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: এনআইডির জন্মতারিখ সংশোধনের সব ফাইল যাচ্ছে ডিজির টেবিলে

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সিদ্ধান্তের ফলে তরুণ নাগরিকদের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক বিভিন্ন সেবায় অন্তর্ভুক্তি সহজ হবে এবং জাতীয় তথ্যভান্ডার আরও সমৃদ্ধ হবে।

আরও পড়ুন: পিতামাতার কবর জিয়ারতে তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন সিইসি