‘গ্যাংস্টার হুব্বা’ হয়ে আসছেন মোশাররফ করিম

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৩ | আপডেট: ৩:৫০ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নব্বই দশকের শেষের দিকে উত্থান ঘটে হুব্বা শ্যামল নামক এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। এমনই এক গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে নতুন ছবি তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু। ছবির নাম ‘হুব্বা’। নামভূমিকায় দেখা যাবে বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে। পৌলমী বসু-সহ ছবিতে অভিনয় করেছেন নাট্যজগতের আরও কিছু শিল্পী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ ছবির ঝলক। গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে সকলের মাঝে দাঁড়িয়ে মোশারফ। তার দু’পাশে দাঁড়িয়ে বাকিরা।

পরিচালক ব্রাত্য বললেন, থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন।

আরও পড়ুন: দীঘির সঙ্গে প্রথমবারের মত মোশাররফ করিম ও শিমু

খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যত বারই তাকে গ্রেফতার করেছিল পুলিশ, প্রতি বারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

‘হুব্বা’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্কমিউনিকেশন’। ব্রাত্য এবং ফিরদৌসল জুটিকে আগেও দর্শক দেখেছেন। প্রযোজক-পরিচালক জুটির এটা দ্বিতীয় ছবি। উল্লেখ্য, ‘হুব্বা’র মাধ্যমে প্রথমবার কলকাতার বাংলা ছবিতে দেখা যাবে মোশাররফকে। অবশ্য ওটিটির দৌলতে সেখানকার দর্শক বেশ কিছু ওয়েব সিরিজ়ে অভিনেতার কাজ দেখেছেন।

আরও পড়ুন: আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা মামুনুর রশীদ