যেসব তারকা এবার নৌকার মাঝি হতে পারলেন না
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের ভোট। সেই লক্ষ্যে ২৯৮টি আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের তালিকা ঘোষণা করেন।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা
যেখানে পুরাতনদের মধ্যে রয়েছেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও সংগীতশিল্পী মমতাজ। আর নতুন তারকাদের মধ্যে যুক্ত হয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। তা ছাড়া আর কেউ মনোনয়ন পাননি।
মনোনয়নবঞ্চিত শিল্পীরা হলেন— মাসুম পারভেজ রুবেল (বরিশাল-৩), শাকিল খান (বাগেরহাট-৩), মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিদ্দিকুর রহমান (টাঙ্গাইল-১ ও ঢাকা-১৭), কণ্ঠশিল্পী এসডি রুবেল (ঢাকা-৮), শামসুন্নাহার সিমলা (ঝিনাইদহ-১), অভিনেত্রী রোকেয়া প্রাচী (ফেনী-৩) ও শমী কায়সার (ফেনী-৩)। এসব আসনে অন্যদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান
মাসুম পারভেজ রুবেলের জায়গায় মনোনয়ন পেয়েছেন সরদার মো. খালেদ হোসেন। শাকিল খানের বিপরীতে মনোনয়ন পেয়েছেন হাবিবুন নাহার। মাহিয়া মাহির জায়গায় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান। সিদ্দিকুর রহমানের দুটি আসনের জায়গায় দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবদুর রাজ্জাক ও মোহাম্মদ আলী আরাফাত।
এসডি রুবেলের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শামসুন্নাহার সিমলার জায়গায় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই। রোকেয়া প্রাচী ও শমী কায়সারের পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবুল বাশার।
এছাড়া আরেক গায়ক সাজু আহমেদ মনোনয়ন ফরম তুলেছিলেন কুমিল্লা-৩ আসনের জন্য। সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে ব্যবসায়ী নেতা ইউসুফ আবদুল্লাহ হারুনকে। তিনি এই আসনের বর্তমান এবং পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য।





