মোশাররফ করিমের ‘হুব্বা’ এবার যুক্তরাষ্ট্রে
বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন সিনেমা হলে চলছে অভিনেতা মোশাররফ করিমের টালিউড ছবি ‘হুব্বা’। বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন সিনেমা হলে এটি দেখা যাচ্ছে। গত ১৯ জানুয়ারি মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছে এ সিনেমা।
এবার ফেব্রুয়ারির শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে ব্রাত্য বসু পরিচালিত হুব্বা।
আরও পড়ুন: এআই দিয়ে জাহ্নবীর বিকৃত ভিডিও, তীব্র প্রতিবাদ জানালেন বিজয় দেবেরাকোন্ডা
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, চলতি সপ্তাহান্তে মুক্তি পেতে চলেছে ছবিটি। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, নিউ জার্সি, বোস্টন, ভার্জিনিয়া, সান ফ্রান্সিসকো, ডালাস, আটলান্টাসহ একাধিক শহরে চলছে মুক্তির প্রস্তুতি।
ছবিটির প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, ‘আমরা বিশ্বের দরবারে ভালো বাংলা ছবিকে তুলে ধরতে চাই। সেই জন্যই এই পদক্ষেপ।’
আরও পড়ুন: কেমন আছেন তানিয়া বৃষ্টি? জানালেন নিজেই
প্রসঙ্গত, কলকাতায় মোশাররফ করিমের দ্বিতীয় ছবি ‘হুব্বা’। এতে অভিনেতা রয়েছেন গ্যাংস্টার চরিত্রে। ছবিটি নির্মিত হয়েছে হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে। এর আগে তিনি একই নির্মাতার ‘ডিকশনারি’তে অভিনয় করেছিলেন।
মোশাররফ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, গম্ভীরা ভট্টাচার্য, লোকনাথ দে, পৌলমী বসু প্রমুখ। প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস। বাংলাদেশে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।





