‘তুমি আমাদের গর্ব’, জয়াকে বললেন চঞ্চল চৌধুরী

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আজ তার জন্মদিন উদযাপন করছেন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিন উপলক্ষে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে জয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।

চঞ্চল চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ফুল দিয়ে জয়া আহসানকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। পোস্টের ক্যাপশনে চঞ্চল লেখেন, "শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।" এর সঙ্গে তিনি একটি কালো হৃদয়ের (ব্ল্যাক হার্ট) ইমোজিও যুক্ত করেন।

আরও পড়ুন: ৮৪ বছর বয়সেও সঙ্গীত শেখার স্বপ্ন অমিতাভ বচ্চনের

চঞ্চলের এই পোস্টে অসংখ্য ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা মন্তব্য করে জয়া আহসানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দিনজুড়েই অভিনেত্রীকে ঘিরে শুভেচ্ছার বার্তা ছড়িয়ে পড়েছে।

জয়া আহসান বাংলাদেশের অভিনয়জগতের অন্যতম সফল ও বহুমাত্রিক শিল্পী। তার আসল নাম জয়া মাসউদ। গোপালগঞ্জে জন্ম নেওয়া জয়ার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল তার। পরবর্তীতে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।

আরও পড়ুন: দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'ব্যাচেলর' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর 'ডুবসাঁতার', 'গেরিলা', 'চোরাবালি', 'জিরো ডিগ্রি', 'খাঁচা', 'দেবী' এবং 'বিউটি সার্কাস'-এর মতো আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও সমান সফল জয়া আহসান। 'বিসর্জন', 'এক যে ছিল রাজা', 'বিজয়া', 'বিনিসুতোয়', 'অর্ধাঙ্গিনী', 'দশম অবতার' এবং 'কড়ক সিং'-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দুই বাংলার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জয়া আহসান বাংলাদেশে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া তিনি নয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। পশ্চিমবঙ্গেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। সেখানে তিনি তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা জিতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

বর্তমানে জয়া আহসান ব্যস্ত রয়েছেন পশ্চিমবঙ্গে তার নতুন চলচ্চিত্র 'আজও অর্ধাঙ্গিনী'-এর প্রচারণা নিয়ে। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।

দুই বাংলার দর্শকের কাছে অভিনয় দক্ষতা, বৈচিত্র্যময় চরিত্র নির্বাচন এবং দীর্ঘদিনের ধারাবাহিক সাফল্যের কারণে জয়া আহসান আজও অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বিবেচিত। জন্মদিনে তার জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্ত, সহকর্মী এবং সংস্কৃতি অঙ্গনের অসংখ্য মানুষ।