হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ, আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ৩:৫৭ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে স্নিগ্ধা অভিযোগ করেন, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেন বলে এজাহারে উল্লেখ করেন।

স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত চেয়ারম্যান তাকে 'জেবা তাকিয়া' নামে অন্য এক নারী ভেবে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তার দাবি, ওই নারী এর আগে চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযুক্তের ধারণা ছিল। ভুল পরিচয়ের কারণে তাকেই মারধর করা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী।

আরও পড়ুন: নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন পরীমণি

অভিনেত্রী আরও দাবি করেন, ঘটনার সময় তাকে রশি দিয়ে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তার চুল টেনে ধরেন, গলা চেপে ধরেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

স্নিগ্ধা বলেন, নির্যাতনের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি জানান, ঘটনার পর কিছুদিন আইনি পদক্ষেপ না নিলেও পরে থানায় গিয়ে মামলা করার সিদ্ধান্ত নেন। স্নিগ্ধা চৌধুরী ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। সম্প্রতি কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

আরও পড়ুন: ঢাকায় ৬ বড় কনসার্ট, ফিরছে সংগীতের উৎসব

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।  মামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।