কারাজীবন কেমন ছিল জানালেন সালমান খান
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান পর্দায় যেমন কোটি দর্শকের প্রিয়, তেমনি ব্যক্তিগত জীবনের নানা ঘটনাও বারবার এসেছে আলোচনায়। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে বহু বছর আগের কারাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে জেলের ভেতরের কঠিন বাস্তবতার কথা জানিয়েছেন এই অভিনেতা।
ভারতীয় রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন সালমান খানের ছোট ভাই সোহেল খান। কঠিন এক সপ্তাহ পার করা ভাইকে উৎসাহ দিতে অতিথি হিসেবে অনুষ্ঠানে হাজির হন সালমান। সেখানেই আলাপচারিতার এক পর্যায়ে উঠে আসে তার অতীত কারাবাসের স্মৃতি।
আরও পড়ুন: শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ
সালমান বলেন, ‘অনেক বছর আগে যখন জেলে গিয়েছিলাম, তখন আমাদের সামনে ছিল লোহার গরাদ।’
জেলের ভেতরের পরিবেশ বর্ণনা করতে গিয়ে তিনি জানান, ‘অতটুকু ছোট্ট একটা জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জন মানুষ গাদাগাদি করে থাকতাম। পুরো ঘরে ছিল একটাই মাত্র ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। মাঝেমধ্যেই টিকটিকি ঘুরে বেড়াত, আর টয়লেটের অবস্থা এতটাই খারাপ ছিল যে, ওপর পর্যন্ত ময়লা জমে ভর্তি হয়ে থাকত।’
আরও পড়ুন: ‘আন্ধার’-এর প্রথম ঝলকেই চমক, নাজিফা তুষির লুকে বাড়ল কৌতূহল
সালমানের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বহু বছর পর প্রকাশ্যে এসে নিজের কারাজীবনের এমন অভিজ্ঞতা শেয়ার করায় ভক্তদের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ ও চিঙ্করা শিকার মামলায় সালমান খানকে চার দফায় মোট প্রায় ১৮ দিন কারাগারে থাকতে হয়েছিল।
এর আগে ২০০৮ সালেও এক সাক্ষাৎকারে কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন এই অভিনেতা। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি একদম স্বাভাবিক ছিলাম। আমার একমাত্র চিন্তা বা দুশ্চিন্তার বিষয় ছিল জেলের বাথরুম। আমাকে চারবার ভেতরে ঢুকতে আর বের হতে হয়েছে। কেউ যদি আপনাকে জোর করে ভেতরে ঢুকাতে চায়, তবে চুপচাপ চলে যাওয়াই ভালো। কিন্তু যখন আপনি জানবেন যে আপনি কোনো অপরাধ করেননি, তখন মাথা উঁচু করেই ভেতরে যাবেন।’
বহু বছর পেরিয়ে গেলেও সেই কারাবাসের স্মৃতি যে এখনও তাকে তাড়িয়ে বেড়ায়, সাম্প্রতিক এই বক্তব্যে তারই ইঙ্গিত মিলেছে।





