সালমানকে বুড়ো বলে কটাক্ষ নেটিজেনদের

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:২৯ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দরজায় কড়া নাড়ছে ভারতীয় ছোট পর্দার সবচেয়ে বিতর্কিত ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম আসর। আগামী ৬ সেপ্টেম্বর থেকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে নতুন এই মৌসুম। বরাবরের মতো এবারও সঞ্চালকের হটসিটে থাকছেন বলিউড ভাইজান সালমান খান। তবে শো শুরুর ঠিক তিন দিন আগে প্রচার করা প্রথম ঝলক (প্রোমো) সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তুলকালাম চর্চা। প্রোমোতে অভিনেতার লুক ও উপস্থিতি দেখে তাঁকে 'বৃদ্ধ' বলে বডিশেমিং ও কটাক্ষ করছেন নেটিজেনদের একাংশ।

সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রোমো ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন,‘ বুড়ো বুড়ো লাগছে’। আর একজন মন্তব্য করেছেন, ‘সালমানের চেহারায় ভিএফএক্স লুক দেওয়া হয়েছে।’ অন্য একজন অভিনেতার চুল ও দাড়ি নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, ‘নকল চুল, দাড়ি এবং শরীরে প্লাস্টার করা— বাহ ভাই বাহ!’ আরেক নেটিজেন লিখেছেন, ‘ভাই এবার মাথায় উইগ পরেছেন।’ শোয়ের মান নিয়ে প্রশ্ন তুলে তীব্র ভাষায় কটাক্ষ করে একজন লিখেছেন, ‘এটা কোনো বিগ বস নয়। পুরোপুরি একটি জগাখিচুড়ি আড্ডাখানা।’

আরও পড়ুন: জামিন মেলেনি চিত্রনায়ক রিয়াজের

সিজনে অংশগ্রহণকারী হিসেবে যাঁদের নিয়ে জল্পনা চলছে, তাঁদের মধ্যে রয়েছেন নিয়া শর্মা, অর্জুন বিজলানি, করণ প্যাটেল এবং জান্নাত জুবায়ের। রিয়েলিটি শো-তে নিয়া ও অর্জুনের অংশগ্রহণের গুঞ্জন অবশ্য নতুন কিছু নয় ৷ তবে শেষ পর্যন্ত এই তারকারা অংশ নেবেন কি না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও তিনদিন। বিগ বস প্রতিযোগীদের চুড়ান্ত নামের তালিকা এখনও জানা যায়নি। 

‘বিগ বস ২০’-এর সঞ্চালনার জন্য সালমান খানকে কত টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে। নতুন মৌসুমে সঞ্চালনার জন্য প্রায় ১২০ থেকে ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পেতে পারেন এই বলিউড তারকা। 

আরও পড়ুন: মেকআপ রুমের ছবি শেয়ার করে নতুন করে আলোচনায় জয়া

জানা গেছে, এবারের মৌসুমও প্রায় ১৫ সপ্তাহ চলার কথা। সেই হিসাব অনুযায়ী প্রতি সপ্তাহান্তে সালমানের পারিশ্রমিক হতে পারে প্রায় ৮ থেকে ১০ কোটি রুপি। তবে পারিশ্রমিকের এই অঙ্ক সালমান খান নিজে কিংবা অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। আগের মৌসুমগুলোর তুলনায় ‘বিগ বস ২০’-এর বাজেট তুলনামূলক বেশি বলে ভারতীয় সংবাদে দাবি করা হয়েছে।