সজিব-রিমির ‘আদরে আদরে’
গানের জগতে একসঙ্গে কাজ করতে করতে এবার কণ্ঠের জুটিও গড়লেন সংগীতপরিচালক আহমেদ সজিব ও সংগীতশিল্পী সানজিদা রিমি। এর আগে সজিবের সংগীতপরিচালনায় রিমির কণ্ঠে প্রকাশিত ‘তুই আমার আলতা চুড়ি না’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ পরিচিতি পায়। এবার সেই ধারাবাহিকতায় দুজনের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘আদরে আদরে’। গানটি প্রকাশের পর অল্প সময়েই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
‘তুই আমার আলতা চুড়ি না’ গানটির সংগীতপরিচালনার মাধ্যমে সানজিদা রিমির কণ্ঠে নতুনভাবে পরিচিতি পান আহমেদ সজিব। গানটির পর সজিবের সুর ও সংগীতায়োজনে আরও কয়েকটি গানে কণ্ঠ দেন রিমি। তবে এবারই প্রথম সংগীতপরিচালক ও শিল্পীর পরিচয়ের পাশাপাশি গায়ক হিসেবেও একসঙ্গে হাজির হয়েছেন তারা।
আরও পড়ুন: ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া
‘আদরে আদরে’ গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। ভাওয়াল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।
গানটির ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে সুমাইয়া ও রোবায়েদ আহমেদকে। ভিডিওটি পরিচালনা করেছেন ফিরোজ সরকার।
আরও পড়ুন: ‘প্রিয়ন্তী ইন প্যারিস’
গানটি প্রসঙ্গে আহমেদ সজিব বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। তাই যত্ন নিয়ে গানটি করার চেষ্টা করেছি। এরই মধ্যে দর্শক-শ্রোতাদের কাছ থেকে সেই পরিশ্রমের ফল পাচ্ছি। তিন দিনেরও কম সময়ে গানটির ভিউ সাড়ে তিন লাখের বেশি হয়েছে। আমার পরিচিতদেরও অনেকে গানটির প্রশংসা করেছেন। আশা করছি, গানটি আরও অনেক দূর যাবে।’
সানজিদা রিমি বলেন, ‘সজিব ভাইয়ের সঙ্গে আমার কাজ সব সময় ভালো হয়। “তুই আমার আলতা চুড়ি না” থেকে আমাদের শুরু। এখন “আদরে আদরে” গানটিও অল্প সময়ে দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আশা করছি, এভাবে আরও ভালো ভালো কাজ দর্শক-শ্রোতাদের উপহার দিতে পারব।’





