হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৯

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৩১ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত এক দিনে নতুন করে ১ হাজার ১৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। তাদের মধ্যে হামের উপসর্গে ৯০৯ জন এবং হাম আক্রান্ত হয়ে ১০০ জন মারা গেছেন।

আরও পড়ুন: ঘরে ঘরে সর্দি-কাশি জ্বর উদ্বিগ্ন অভিভাবকরা

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৬৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে এক দিনে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১৯৪ জনের মধ্যে। ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে দেশে মোট ১৯ হাজার ৯৩৩ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে প্রতিদিনের শনাক্ত, উপসর্গ, মৃত্যু ও হাসপাতালে ভর্তির তথ্য হালনাগাদ করা হচ্ছে।