প্রথম দিনেই হতাশ অক্ষয়-সাইফের ‘হাইওয়ান’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫২ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা অক্ষয় কুমার ও সাইফ আলী খান। দুই তারকার পুনর্মিলন ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। কিন্তু মুক্তির প্রথম দিনেই সেই প্রত্যাশার প্রতিফলন দেখা গেল না বক্স অফিসে। প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’ শুরুটা করেছে বেশ হতাশাজনকভাবে।

২০০৮ সালের ‘তাসান’ সিনেমার পর আবারও একই ছবিতে দেখা গেল অক্ষয় কুমার ও সাইফ আলী খানকে। ফলে সিনেমাটি ঘিরে মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। বিশেষ করে দুই তারকার পুরনো জুটি আবার পর্দায় ফিরছে—এ বিষয়টিই ছিল আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন: প্রবাসীদের ‘কামলা’ বলায় সমালোচনার মুখে অভিনেতা

তবে মুক্তির প্রথম দিনে সেই উন্মাদনাকে বক্স অফিস আয়ে পরিণত করতে পারেনি ‘হাইওয়ান’। ভারতীয় প্রেক্ষাগৃহে সিনেমাটির আয় প্রত্যাশার তুলনায় বেশ কম হয়েছে।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ‘হাইওয়ান’-এর নিট আয় হয়েছে প্রায় ৩ কোটি রুপি। সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ রুপি। আর বিশ্বব্যাপী প্রথম দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ৪ কোটি ৬০ লাখ রুপি।

আরও পড়ুন: ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশের রাকায়েত রাব্বি

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, প্রথম দিনে ‘হাইওয়ান’-এর জন্য ভারতজুড়ে মোট ৭ হাজার ২২৪টি শো রাখা হয়েছিল। কিন্তু এসব শোতে দর্শক উপস্থিতির হার ছিল মাত্র প্রায় ১১ শতাংশ। প্রায় ১৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমার এমন ধীরগতির সূচনা নিয়ে তাই বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

এদিকে অক্ষয় ও সাইফের আগের সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের সঙ্গেও ‘হাইওয়ান’-এর তুলনা করা হচ্ছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘ভুল ভুলাইয়া’ প্রথম দিনে প্রায় ৩ কোটি ৮৮ লাখ রুপি আয় করেছিল। অন্যদিকে একই বছরে মুক্তি পাওয়া সাইফ আলী খানের ‘তা রা রাম পাম’ প্রথম দিনে আয় করেছিল প্রায় ৩ কোটি ৬৬ লাখ রুপি। অর্থাৎ দুই অভিনেতার পুরনো সিনেমার প্রথম দিনের আয়ের তুলনায়ও ‘হাইওয়ান’ পিছিয়ে রয়েছে।

তবে সিনেমাটির দুর্বল শুরুর পেছনে সমসাময়িক বক্স অফিস প্রতিযোগিতাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। মুক্তির ৩৬ দিন পরও ‘হনুমান অংশ’ ভালো ব্যবসা ধরে রেখেছে। পাশাপাশি দ্বিতীয় সপ্তাহে থাকা ‘মির্জাপুর দ্য মুভি’ও প্রেক্ষাগৃহে দর্শকদের আকৃষ্ট করছে।

ফলে শক্ত প্রতিদ্বন্দ্বিতার বাজারে অক্ষয়-সাইফের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন আপাতত প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি। এখন দেখার বিষয়, সপ্তাহান্তে দর্শকসংখ্যা বাড়িয়ে ‘হাইওয়ান’ বক্স অফিসে ঘুরে দাঁড়াতে পারে কি না।