প্রবাসীদের ‘কামলা’ বলায় সমালোচনার মুখে অভিনেতা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ভেনিসে হেনস্তার ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে প্রবাসীদের প্রসঙ্গে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ও বাচিকশিল্পী আজাদ আবুল কালাম। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সম্প্রতি ইতালির ভেনিসে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে খবর প্রকাশিত হয়। এ ঘটনার প্রতিবাদে দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন শিল্পী ও কলাকুশলী বাঁধনের পাশে দাঁড়ান। ঘটনাটি নিয়ে বাঁধনের প্রতি সংহতি ও ভালোবাসা জানিয়ে একটি টেলিভিশন চ্যানেলে কথা বলেন আজাদ আবুল কালাম। তিনি বর্তমানে টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সভাপতির দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশের রাকায়েত রাব্বি

সেখানে আলোচনার একপর্যায়ে প্রবাসীদের প্রসঙ্গ উঠে আসে। তখন ইউরোপে থাকা ব্যক্তিদের প্রসঙ্গে ‘ইউরোপে কামলা খেটে চলে’—এমন মন্তব্য করেন তিনি। তাঁর ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রতিক্রিয়া।

প্রবাসীদের একটি অংশ অভিযোগ করছেন, বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা মানুষদের ‘কামলা’ হিসেবে উল্লেখ করা তাঁদের প্রতি অসম্মানজনক। অনেকেই অভিনেতার বক্তব্যের ভিডিও ও ছবি প্রকাশ করে ক্ষোভ জানিয়েছেন। কেউ কেউ তাঁর মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন ধরনের মিমও তৈরি করছেন।

আরও পড়ুন: বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

প্রবাসীদের ভাষ্য, পরিবার-পরিজন ছেড়ে তাঁরা বছরের পর বছর বিদেশে অবস্থান করেন। জীবিকার তাগিদে নানা ধরনের কঠিন কাজ করতে হয় তাঁদের। সেই উপার্জনের একটি বড় অংশ দেশে পাঠানোর মাধ্যমে তাঁরা পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন।

তাদের মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই একজন বরেণ্য অভিনেতার কাছ থেকে তাঁদের সম্পর্কে এমন শব্দের ব্যবহার কোনোভাবেই প্রত্যাশিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুধু প্রবাসীরাই নয়, দেশে থাকা তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদেরও অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের বক্তব্য, একজন মানুষ যে পেশাতেই যুক্ত থাকুন না কেন, তাঁর শ্রম ও পেশাকে অসম্মান করা উচিত নয়।


এদিকে শোবিজ অঙ্গনের কয়েকজন শিল্পী ও কলাকুশলীও আজাদ আবুল কালামের বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের মতে, পেশার ধরন দিয়ে কোনো মানুষের মর্যাদা নির্ধারণ করা যায় না। বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করা মানুষদের নিয়েও দায়িত্বশীল ভাষা ব্যবহার করা উচিত।


অন্যদিকে, এ বিতর্কের মধ্যে আজাদ আবুল কালামের রাজনৈতিক অবস্থান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের কেউ কেউ তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন।


তাঁদের দাবি, গত ১৭ বছরে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক প্রচার-প্রচারণায় আজাদ আবুল কালামের কণ্ঠ ব্যবহার করা হয়েছে। ফলে ভেনিসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমালোচনা করতে গিয়ে প্রবাসীদের ‘কামলা’ বলার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।


তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার পক্ষেও অনেকে অবস্থান নিয়েছেন। তাঁদের দাবি, আজাদ আবুল কালাম ইউরোপে থাকা সব প্রবাসীকে উদ্দেশ করে মন্তব্যটি করেননি। বরং আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় জড়িত নির্দিষ্ট ব্যক্তিদের প্রসঙ্গেই তিনি ওই মন্তব্য করেছেন বলে তাঁদের মত।


তাঁদের আরও দাবি, বক্তব্যের একটি অংশ আলাদা করে প্রচার হওয়ায় পুরো বক্তব্যের প্রেক্ষাপট অনেকের কাছে স্পষ্ট হচ্ছে না। তাই সমালোচনার আগে তাঁর বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা করা উচিত।


সব মিলিয়ে আজাদ আবুল কালামের মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রবাসীদের একটি অংশ যেখানে এটিকে অসম্মানজনক মন্তব্য হিসেবে দেখছেন, সেখানে অন্যরা বক্তব্যটির প্রেক্ষাপট তুলে ধরে অভিনেতার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করছেন।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিতর্কিত মন্তব্যটি নিয়ে আজাদ আবুল কালামের পক্ষ থেকে নতুন কোনো ব্যাখ্যা বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।