হাসিনাকে ভারত ফেরত দিলে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৭ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গ্রেপ্তারের পর তাকে কারাগারে যেতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: বাঁধনের ওপর হামলা, ‘অমার্জনীয় ও নিন্দনীয়’ বললেন ডেপুটি স্পিকার

শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে অবস্থান করে কী বক্তব্য দিচ্ছেন, সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী বর্তমানে ভারতে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের দেশে ফেরাতে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ।

বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলে জানান তিনি। দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৭১

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়া প্রসঙ্গেও সভায় কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো আন্তর্জাতিক ফোরাম বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো জোটে যোগ দেওয়ার আগে সেটি বাংলাদেশের জাতীয় স্বার্থে কতটা উপকারী হবে, তা বিবেচনা করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, জেলার পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।