‘ইত্যাদি’ এবার নকশিকাঁথার জামালপুরে
গারো পাহাড়ঘেঁষা মনোরম প্রাকৃতিক পরিবেশ, চারপাশের সবুজের সমারোহ আর শান্ত-স্নিগ্ধ লেকের সৌন্দর্যে এবার প্রাণবন্ত হয়ে উঠেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র আয়োজন। নকশিকাঁথার ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির বিশেষ পর্ব। পাহাড়, বন আর জলাশয়ের নৈসর্গিক আবহে সাজানো হয় ‘ইত্যাদি’র মূল মঞ্চ ও অন্যান্য আয়োজন।
এবারের পর্বের মঞ্চ নির্মাণ করা হয়েছে গারো পাহাড়ের পাদদেশে সবুজ বনানী ও নৈসর্গিক লেকঘেরা লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রের উন্মুক্ত চত্বরে। পার্কের প্রাকৃতিক পরিবেশ, পাহাড় ও সবুজের সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হয় দৃষ্টিনন্দন মঞ্চ। ‘ইত্যাদি’র ধারণকে ঘিরে পুরো জামালপুরজুড়েই তৈরি হয় উৎসবের আবহ। বরাবরের মতো স্থানীয় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মধ্যে বিতরণ করা হয় অনুষ্ঠানের আমন্ত্রণপত্র।
আরও পড়ুন: আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা
সাধারণত রাতের আলোকিত মঞ্চে অনুষ্ঠানটির ধারণ করা হলেও, লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে এবার দিনের আলোতেই শুরু হয় ধারণ। নির্ধারিত সময়ের আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। শুধু বকশীগঞ্জ নয়, জামালপুরের বিভিন্ন উপজেলা এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও নানা বয়সী হাজারো মানুষ ছুটে আসেন প্রিয় অনুষ্ঠানটি দেখতে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিংবা ভ্যাপসা গরম—কোনোটিই দমাতে পারেনি দর্শকদের উচ্ছ্বাস। ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় কেউ গাছে উঠে, আবার কেউ পাহাড়ের চূড়ায় বসে উপভোগ করেন অনুষ্ঠান ধারণ। পুরো আয়োজনজুড়ে ছিল দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস ও করতালি।
এবারের পর্বে থাকছে দুটি ভিন্ন ধরনের গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই ও তসিবা বেগম। টেলিভিশন পর্দায় যাদের প্রথম আবির্ভাব ঘটেছিল ‘ইত্যাদি’র মাধ্যমেই।
আরও পড়ুন: নারীদের জন্য বিশেষ ছুটি চান শ্রুতি হাসান
লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
বরাবরের মতো এবারও থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন জামালপুরেরই সন্তান মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহা। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় স্থানীয় বাঙালি ও গারো নৃত্যের পরিবেশনা গানটিকে আরো প্রাণবন্ত করে তোলে। উপস্থিত দর্শকেরাও করতালি ও উচ্ছ্বাসে উপভোগ করেন গান দুটি।
‘ইত্যাদি’র নিয়মিত আয়োজন দর্শকপর্বের অংশ হিসেবে ধারণস্থল জামালপুরকে কেন্দ্র করে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে নির্বাচিত করা হয় চারজনকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তারা জামালপুরের চারজন স্মরণীয়-বরণীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বের কালজয়ী চারটি গানের অংশবিশেষ পরিবেশন করেন।
এবারের পর্বে থাকছে জামালপুরকে ঘিরে বেশ কিছু তথ্যবহুল ও হৃদয়স্পর্শী প্রতিবেদন। জেলার অর্থনীতি ও সংস্কৃতির অনন্য প্রতীক ‘নকশিকাঁথা’ এবং ঐতিহ্যবাহী খাবার ‘মিল্লি বা পিঠালি’র ওপর রয়েছে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি জামালপুরের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ নিয়েও থাকছে তথ্যভিত্তিক আয়োজন।
দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম ‘তুলসীপুর ঘোড়ার হাট’ নিয়েও থাকছে ভিন্নধর্মী প্রতিবেদন। নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার এবং অভাবের কারণে বাল্যবিবাহের শিকার পরিবারগুলোকে নিয়েও থাকছে মানবিক প্রতিবেদন। পাশাপাশি জামালপুরে জন্ম নেওয়া চারজন কালজয়ী গুণী ব্যক্তিত্বের অবদানও শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের পরিশ্রমে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির অদম্য জীবনসংগ্রামের গল্প নিয়ে থাকছে একটি অনুপ্রেরণাদায়ক মানবিক প্রতিবেদন।
এবারের বিদেশি প্রতিবেদন পর্বে থাকছে চীনের নয়নাভিরাম শহর ‘সুঝৌ’। প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির অপূর্ব মেলবন্ধনে গড়ে ওঠা শহরটির ওপর থাকছে বিশেষ চিত্রায়ন। এ ছাড়া থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। নিয়মিত চিঠিপত্র পর্বের পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে থাকছে তীক্ষ্ণ ও তীর্যক বেশ কিছু নাট্যাংশ।
এবারের ‘ইত্যাদি’তে অভিনয় করেছেন সোলায়মান খোকা, মীর নাসিমুল ইসলাম সেলিম, সুভাশিষ ভৌমিক, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আনন্দ খালেদ, মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী, সাইদুর রহমান পাভেল, আশরাফুল আলম সোহাগ, এমএনইউ রাজু, আনোয়ার শাহী, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুজাত শিমুল, আবু হেনা রনি, সুর্বনা মজুমদার, সাবরিনা নিসা, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, রাজিব সালেহীন, নিপু, মিরাজ, নজরুল ইসলাম, আনোয়ারুল আলম সজল, বেলাল আহমেদ মুরাদসহ আরো অনেকে।
বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।
অনুষ্ঠানটির জামালপুর পর্ব প্রচারিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটির স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেড।





