অভিনেত্রীকে দেখতে ভক্তদের ঢল, ভিড়ের চাপে ভাঙল গাড়ির কাচ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৮ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
কাজল রাঘওয়ানি (ডানে) ও তার গাড়ির ভাঙা অংশ। ছবিঃ সংগৃহীত
কাজল রাঘওয়ানি (ডানে) ও তার গাড়ির ভাঙা অংশ। ছবিঃ সংগৃহীত

ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানিকে একনজর দেখতে ভারতের বিহার শরিফে জড়ো হয়েছিলেন বিপুলসংখ্যক ভক্ত। একটি গয়নার শোরুম উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন এই অভিনেত্রী। তাকে ঘিরে মুহূর্তেই তৈরি হয় তীব্র ভিড়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং অনুষ্ঠান শেষে গাড়িতে ফেরার সময় ক্ষতিগ্রস্ত হয় অভিনেত্রীর গাড়ি।

শোরুমের কর্মীদের সহযোগিতায় অবশ্য দ্রুত কাজলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে তিনি কোনো ধরনের আঘাত পাননি।

আরও পড়ুন: ‘ভয়েস অব বাংলাদেশ’ হওয়ার দৌড়ে সেরা ১০ জন

অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় কাজলকে অনুসরণ করতে শুরু করেন উপস্থিত কয়েকজন। যানজটের মধ্যে ভিড় বাড়তে থাকায় গাড়িটি এগোতে সমস্যায় পড়ে। একপর্যায়ে ভিড়ের চাপে গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায়। পাশাপাশি গাড়ির কয়েকটি জানালাও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, যানজটে আটকে থাকা গাড়িটির পেছনে একদল মানুষ দৌড়াচ্ছেন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ঘটনার বিষয়ে জানান কাজল। তিনি বলেন, তিনি সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন। একই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

এদিকে পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর শোরুম উদ্বোধনের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। এ ঘটনায় আয়োজকদের নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

তবে শোরুম মালিকদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, অনুষ্ঠানের অনুমতির জন্য গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল।

কাজল রাঘওয়ানি গুজরাটি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও পরে ভোজপুরি সিনেমায় পরিচিতি পান। ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মাধ্যমে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পাটনা সে পাকিস্তান’, ‘সংগ্রাম’ ও ‘মেহেন্দি লাগা কে রাখা’। এখন পর্যন্ত ৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী।