সিলিন্ডার বিস্ফোরণে আশুলিয়ায় মৃত্যুর মিছিল, নিহত বেড়ে ৮

Shahrier Islam Pallab
জাহাঙ্গীর আলম প্রধান,আশুলিয়া
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৩৮ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়ার জামগড়ায় পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের কারখানা চত্বরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর দায় গাজী নজরুল ইসলামের দাবি এলাকাবাসীর

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ড ভ্যান থেকে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় সিলিন্ডার ও বিভিন্ন ধাতব অংশ ছিটকে আশপাশে পড়ে। এতে কারখানার সামনে থাকা কয়েকটি যানবাহনেও আগুন ধরে যায়।

খবর পেয়ে জিরাবো ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় থেকে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে শুরু হয় উদ্ধার অভিযান।

আরও পড়ুন: চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেফতার

রাতের দিকে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে একে একে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। 

বিস্ফোরণের সময় ছিটকে আসা সিলিন্ডারের অংশের আঘাতে ঘটনাস্থলের বাইরে জয়নব বেগম (৫৫) নামে এক নারী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও দুজনের মৃত্যু হয়। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম (৩০) মারা যান। এতে মৃতের সংখ্যা দাঁড়ায় আটজনে।

নজরুল ইসলাম কারখানার সামনের সড়কে কাঁচামাল বিক্রি করতেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা মেডিকেলে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজন বার্ন ইউনিটে ভর্তি।

নিহত জয়নব বেগম গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। অন্য নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের বেশির ভাগই কারখানার আশপাশের দোকানি, কাঁচামাল বিক্রেতা ও পথচারী বলে জানা গেছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, কারখানার গেটের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সিলিন্ডার পরিবহনে নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।