গাজীপুরে তিন সড়ক থেকে জাজর সড়ক প্রশস্তকরণে অনিয়ম: অতিরিক্ত ক্ষতিপূরণ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা
গাজীপুর সিটি কর্পোরেশনের তিন সড়ক মোড় থেকে জাজর পর্যন্ত প্রস্তাবিত ৬০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ কার্যক্রমে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। গাজীপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কিছু অসাধু প্রকৌশলী স্থানীয় প্রভাবশালী মহলের সাথে যোগসাজশ করে অবৈধভাবে সরকারি রাজস্ব ও ক্ষতিপূরণের অর্থ হাতিয়ে নেওয়ার অসৎ উদ্দেশ্যে এই পরিকল্পনা গ্রহণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, সড়কটির প্রকৃত নকশা বা প্রয়োজনকে তোয়াক্কা না করে প্রভাবশালীদের অনৈতিক সুবিধা দিতে রাস্তার গতিপথ (Alignment) পরিবর্তন করা হচ্ছে। অধিগ্রহণ চিহ্নিত এলাকায় দ্রুত নতুন অবকাঠামো নির্মাণ দেখিয়ে সরকারের কাছ থেকে কয়েকগুণ বেশি ক্ষতিপূরণ আদায় করাই এই চক্রের মূল উদ্দেশ্য। এতে সরকারের রাজস্বের মারাত্মক অপচয় ঘটছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘সত্যম সমাজ’ এই দুর্নীতির বিষয়টি গভীরভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
আরও পড়ুন: অপ্রতিমের হত্যাকাণ্ডে পুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি করে শিক্ষার্থীদের ফের মানববন্ধন
এ বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোহরাব হোসেন। তিনি বলেন, “সরকারি অর্থ লুটপাট করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে এই অপতৎপরতা চালাচ্ছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা ও সরকারি তহবিলের অপচয় বন্ধে এলএ শাখা, সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ প্রকৌশলী এবং প্রভাবশালী সিন্ডিকেটকে চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
এদিকে, অনিয়মের বিষয়ে জানতে চাইলে এলএ শাখার কানুনগো সোহেল মিয়াজী পুরো বিষয়ের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনকে দায়ী করেন। অন্যদিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা লেহাজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি পাল্টা এলএ শাখার ওপর দায় চাপান। উভয় সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এই পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে মূল অনিয়মের বিষয়টি আরও জোরালো হচ্ছে।
আরও পড়ুন: অপ্রতিম হত্যা: চার আসামির মধ্যে দুই কিশোর পাঠানো হচ্ছে গাজীপুর সংশোধনাগারে





