প্রান্তর-ইউমনার ‘এভাবেও প্রেম আসে’, দেখা যাবে আগামীকাল
প্রেম আর হাস্যরসের মিশেলে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’। আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে টেলিফিল্মটি।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। পারভেজ ইমামের রচনায় টেলিফিল্মটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরীন ইউমনা।
আরও পড়ুন: মেয়ের প্রথম জন্মদিনে অপূর্বর আবেগঘন পোস্ট, প্রকাশ করলেন ছবি
এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে আজম খান, হারুন রশীদ বান্টি, সিয়াম নাসির, জাস মান্নাত, আনোয়ার হোসেন, শামস রেহমান ও শিশুশিল্পী আয়াতসহ আরও অনেককে।
রোমান্টিক গল্পের সঙ্গে হাস্যরসের সমন্বয়ে নির্মিত টেলিফিল্মটি দর্শকদের বিনোদন দেবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। টেলিফিল্মটির নির্মাণ প্রসঙ্গে পরিচালক সানজিদ খান প্রিন্স জানান, নানা সংকট ও জটিলতায় ভরা এই পৃথিবীতে মানুষকে প্রেম ও সম্প্রীতির বন্ধনে দেখতে চান তিনি। সেই প্রত্যাশা থেকেই ‘এভাবেও প্রেম আসে’ নির্মাণ করেছেন।





