বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে। নির্বাচনের তারিখ নিশ্চিত করেছেন সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ।
গত ৮ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। পরে মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়। সভায় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর সিং
নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ। তিনি বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে তাঁদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন তাঁরা।
এদিকে বাচসাসের ২০২৪-২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল আশা প্রকাশ করেছেন, এবারের নির্বাচনও হবে জমজমাট ও উৎসবমুখর। তাঁদের ভাষ্য, নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। সবার অংশগ্রহণে একটি আনন্দমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।
আরও পড়ুন: রাশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল বাংলাদেশের ‘নিশি’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাচসাস জানায়, আগামী ২০ নভেম্বর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বাচসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া ও নির্বাহী সদস্য সাজু আহমেদসহ অন্যরা।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।





