‘আমরা নামাজ পড়ি না, ধর্মের সঙ্গেও তেমন সম্পর্ক নেই’: শাবানা আজমি

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিজের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক পরিবেশ ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। মুসলিম পরিবারে জন্ম হলেও তাদের পরিবারে নিয়মিত নামাজ পড়ার চর্চা নেই বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, তাঁর স্বামী ও বিশিষ্ট গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার প্রকাশ্যেই নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দেন।

সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ইউনাইটেড নেশনসের (আইআইএমইউএন) ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক আলাপচারিতায় ধর্ম নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন শাবানা। সেখানে তিনি জানান, তাঁর বাবা, প্রখ্যাত উর্দু কবি ও গীতিকার কাইফি আজমি ছিলেন নাস্তিক। তবে তাঁর মা শওকত কাইফি ধর্ম পালন করলেও এ বিষয়ে খুব বেশি কঠোর ছিলেন না।

আরও পড়ুন: নীরবতা ভেঙে রহস্য বাড়ালেন পাভেল

ধর্মীয় শব্দের ব্যবহার প্রসঙ্গে শাবানা বলেন, তিনি মাঝেমধ্যে ‘মাশাআল্লাহ’ ও ‘ইনশাআল্লাহ’ শব্দগুলো ব্যবহার করেন। কিন্তু তার স্বামী জাভেদ আখতার জানতে চান, তিনি কেন এসব শব্দ বলেন। অন্য কেউ যদি সব সময় ‘প্রভুজির ইচ্ছা’ বলেন, তাহলে তাঁর কেমন লাগবে—এমন প্রশ্নও করেন জাভেদ। তবে শাবানার মতে, এসব শব্দ তাঁর ভাষা ও সাংস্কৃতিক অভ্যাসের অংশ।

ধর্ম নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, বিষয়টি নিয়ে তার কখনো বিশেষ আগ্রহ বা কৌতূহল ছিল না। তার ভাষায়, ‘হ্যাঁ, আমি মুসলিম। ঈদ আমার ভালো লাগে, উর্দু ভাষা ভালো লাগে, খাবারও ভালো লাগে। কিন্তু আমরা নামাজ পড়ি না, ধর্মের সঙ্গেও আমাদের তেমন কোনো সম্পর্ক নেই।’

আরও পড়ুন: শিউলি ফুলের খোঁজে পরীমনি

জাভেদ আখতারের নাস্তিকতার প্রসঙ্গেও কথা বলেন শাবানা। তার স্বামী ধর্মের বিষয়ে নিজের অবস্থান প্রকাশ করতে বেশ দৃঢ় বলে জানান তিনি। তবে শাবানার মতে, কেউ ধর্ম পালন করে মানসিক শান্তি পেলে তাঁকে সেই স্বাধীনতা দেওয়া উচিত। অন্যের বিশ্বাসে অযথা আঘাত করারও প্রয়োজন নেই।

এ প্রসঙ্গে শাবানা বলেন, ‘জাভেদ খুবই কট্টর নাস্তিক। আমি তাকে বলি, নিজের এই অবস্থান সব সময় প্রকাশ করার কী দরকার? কেউ যদি ধর্ম পালন করে মানসিক শান্তি পান, তাহলে তাকে তা করতে দেওয়া উচিত। তাকে আঘাত করার প্রয়োজন কী?’

তবে জাভেদের যুক্তিও তুলে ধরেন অভিনেত্রী। তার স্বামীর ধারণা, ধর্মবিশ্বাসীরা যদি তাঁর বিশ্বাসহীনতার কারণে তাঁকে আঘাত করেন, তাহলে নাস্তিক হিসেবেও তার বিরক্তি বা ক্ষোভ প্রকাশের অধিকার রয়েছে।

ঈশ্বরের অস্তিত্বের ধারণা নিয়েও নিজের ভাবনার কথা জানান শাবানা। বিষয়টি নিয়ে তাকে কখনো বিশেষভাবে ভাবতে হয়নি বলে উল্লেখ করেন তিনি। ধর্মকে ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হিসেবে দেখেন এই অভিনেত্রী। তাঁর মতে, রাষ্ট্রের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। কেউ প্রার্থনার মাধ্যমে মানসিক শান্তি পেলে তাতে আপত্তির কিছু নেই। 

ব্যক্তিগত জীবনেও দীর্ঘদিনের সঙ্গী শাবানা আজমি ও জাভেদ আখতার। শাবানাকে বিয়ের আগে ১৯৭২ সালে চিত্রনাট্যকার হানি ইরানিকে বিয়ে করেন জাভেদ। তাঁদের দুই সন্তান—চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার এবং অভিনেতা ও নির্মাতা ফারহান আখতার। ১৯৭৮ সালে তাঁদের বিচ্ছেদ হয় এবং ১৯৮৫ সালে বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। এর আগে ১৯৮৪ সালে শাবানা আজমির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাভেদ আখতার।

ধর্মীয় পরিচয়, ব্যক্তিগত বিশ্বাস ও পারস্পরিক সহনশীলতা নিয়ে শাবানা আজমির এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে বিশ্বাসের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি সম্মান দেখানোর বিষয়টি।