রেকর্ডিংয়ের এক ঘণ্টা আগে নতুন গানের খবর পান সুতপা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:১৮ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গান রেকর্ডিংয়ের প্রস্তুতি নিতে গিয়ে অনেক শিল্পীই আগে থেকে গানের কথা ও সুরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। তবে গায়িকা সুতপা মণ্ডলের অভিজ্ঞতা ছিল কিছুটা ভিন্ন। রেকর্ডিং শুরুর মাত্র এক ঘণ্টা আগে নতুন গান সম্পর্কে জানতে পারেন তিনি। এমনকি তখন পর্যন্ত গানটির কথাও পড়া হয়নি তার। সেই গানই এবার শ্রোতাদের সামনে এসেছে ‘মেঘ আড়ালে’ শিরোনামে।

জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক অদিত রহমানের সুর ও সংগীতে তৈরি হয়েছে গানটি। দিবাশ কৃষ্ণ বিশ্বাসের লেখা এ গানে সুতপার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মঙ্কস পার্ল। গত ১৫ অক্টোবর গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।

আরও পড়ুন: ওটিটিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা

ভালোবাসা, অপেক্ষা ও বিচ্ছেদের অনুভূতি নিয়ে সাজানো হয়েছে ‘মেঘ আড়ালে’। বৃষ্টির শব্দ, মেঘে ঢাকা আকাশ কিংবা জানালার ওপারে তাকিয়ে থাকার মতো চেনা দৃশ্যের ভেতর দিয়ে গানটিতে তুলে ধরা হয়েছে প্রিয় মানুষের অনুপস্থিতি ও পুরোনো স্মৃতির আবেশ। সুর ও কথার মেলবন্ধনে গানটি ধারণ করেছে এক বিষণ্ন, আবেগঘন পরিবেশ।

শুধু গান নয়, এর ভিডিওতেও রাখা হয়েছে বিশেষ নান্দনিক পরিকল্পনা। পুরোনো দিনের শিল্পীর ঘর, ক্যানভাস, গ্রামোফোন, অ্যান্টিক আসবাব ও বাদ্যযন্ত্র দিয়ে সাজানো হয়েছে দৃশ্যপট। গাঢ় নীল ও সবুজের সঙ্গে সোনালি আলোর ব্যবহার ভিডিওতে তৈরি করেছে সিনেমাটিক আবহ। সব মিলিয়ে দৃশ্যায়নে ফুটিয়ে তোলা হয়েছে গানটির আবেগ ও মেজাজ।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নাটক ‘রাধিকা’

গানটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে সুতপা মণ্ডল বলেন, ‘মেঘ আড়ালে’র জন্য তিনি সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছিলেন। রেকর্ডিংয়ের মাত্র এক ঘণ্টা আগে গানটির বিষয়ে জানতে পারেন। এর আগে লিরিক্সও দেখা হয়নি তাঁর। গানটির নারী কণ্ঠের অংশে গাওয়ার পাশাপাশি আয়োজনটির সঙ্গে যুক্ত ছিলেন তাঁর দুই বোন সুহানি ও শ্রেষ্ঠাও।

অন্যদিকে, মঙ্কস পার্লের কাছে ‘মেঘ আড়ালে’ সৃষ্টির নতুন এক যাত্রা। গানটি নির্মাণ ও প্রকাশের সঙ্গে যুক্ত গানচিল এবং ফ্যাটম্যান অরিজিনালস প্রোডাকশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি শ্রোতারা গানটি পছন্দ করবেন বলেও আশা প্রকাশ করেছেন এই গায়ক।